চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাইদুল ইসলাম (৩৩) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর ঘোষের বিলে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মৃত আবুল হোসেন মোজ্জাফ্ফর আলীর ছেলে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহতের ভাতিজা কামরুজ্জামান অভিযোগ করে বলেন, ভোর ৪টার দিকে ধানে পানি দেওয়ার জন্য বাড়ি হতে বের হন চাচা জাইদুল ইসলাম। বেলা ১১টার দিকে রক্তাক্ত লাশ গাছে ঝুলতে দেখে পরিবারে খবর দেয় স্থানীয়রা। নিজ গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো লাশ ঝুলানো ছিল। এ সময় মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। গোটা শরীর রক্তে ভেজা ছিল। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কুপিয়ে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে।
জানা গেছে, জমিজমা বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, লাশ দেখা বোঝা যাচ্ছে হত্যাকাণ্ড। কারণ মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে হত্যার ধরণ নিশ্চিত হওয়া যাবে। এছাড়া নমুনা সংগ্রহ করেছে সিআইডির একটি দল।
তিনি আরও বলেন, থানায় হত্যা মামলা দায়ের করা হবে। ঘটনায় জড়িতদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।
