পাহাড়ি সাপের কামড়ে আহত হয়েছিলেন ওমর সানী

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১৮:৪০

বান্দরবানের পাহাড়ি এলাকায় শুটিং করতে গিয়ে সাপের কামড়ে আহত হয়েছিলেন চিত্রনায়ক ওমর সানী। ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেন। গতকাল দুপুরে এ ঘটনার পর ‘ডেডবডি’ সিনেমার নিজের অংশের শুটিং শেষ করে ঢাকায় ফিরে আসেন নায়ক।

ঢাকায় ফিরে ওমর সানী গণমাধ্যমে বলেন, আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি। সুস্থ আছি। শুরুতে ভয় পেয়েছিলাম। পরে দেখি ছোট সাইজের একটা পাহাড়ি সাপ। দেখে মনে হলো, সাপ ভেজে খেয়ে ফেলি (হাসি)।’

তিনি জানান, সাপে কাটার পর স্থানীয় ডাক্তার ও শুটিংয়ের লোকজন খুব সহযোগিতা করেছেন। সবাই নিশ্চিত করেছেন এই সাপে কাটলে তেমন কিছু হয় না। বিষধর কোনো সাপ নয় এটি।

এর আগে গতকাল রবিবার ছবিটির পরিচালক ইকবাল জানিয়েছিলেন, পাহাড়ি এলাকায় শুটিং করছিলেন তারা। আশেপাশে জঙ্গল থাকায় সেখানে সবুজ রঙের একটা সাপ ওমর সানীকে কামড়ে দেয়।

‘ডেডবডি’ সিনেমায় ওমর সানী ছাড়া আরও অভিনয় করেছেন জিয়াউল হক রোশান, শ্যামল মাওলা, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি, মিষ্টি জাহান প্রমুখ।

ইত্তেফাক/পিএস