বিএনপি নাকে খত দিয়ে নির্বাচনে আসবে: শামীম ওসমান

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ২২:০৪

বিএনপি নাকে খত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচনে আসবে বলে জানিয়েছেন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তিনি বলেন, ২০১৪-২০১৫ সালে যা করেছে আবারও তা করার চেষ্টা করছে। কিন্তু একটা ধাক্কা লেগে গেছে, ওরা আর কোমর সোজা করে দাঁড়াতে পারবে না।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়া এলাকায় প্রয়াত আওয়ামী লীগ নেতা গোলাম সারোয়ারের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, ওরা যেভাবে পুলিশকে কুপিয়ে মেরেছে এটার বিচার আপনারাই করবেন। প্রধান বিচারপতির ওপর হামলা মানে রাষ্ট্রের ওপর হামলা। পুলিশকে কুপিয়ে মারা মানে আইনকে কুপিয়ে মারা। ওরা তো কিছু বাদ রাখেনি।

তিনি বলেন, এটা রাজনীতি হতে পারে না। ২০১৩-২০১৪ সালে ওরা যা করেছে, আবারও তাই শুরু করেছে। তবে একটা ধাক্কা খেয়েছে তো, আর কোমর সোজা করে দাঁড়ানোর উপায় নেই। কাজেই এবার নাকে খত দিয়ে শেখ হাসিনার অধীনেই নির্বাচনে আসবে তারা।

শামীম ওসমান বলেন, রাজনীতি করতে গিয়ে অনেক কথা বলি। অনেকে হয়ত মনে কষ্ট পায়। রাজনীতি করতে গেলে এটা করতে হয়। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সারোয়ার বয়সে আমার অনেক ছোট ছিল তা না। তারপরেও বলতে গেলে ওরা আমার কাছে সন্তানের মতো। আজকে সারোয়ারের মৃত্যুবার্ষিকী। সারোয়ার ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত সেকেন্ড হয়নি। রাজনীতিতে ওর আসার কথা ছিল না। বঙ্গবন্ধুর মৃত্যু না হলে রাজনীতিতে আসতো না।

ইত্তেফাক/এবি