হিমালয়ের পাদদেশে হওয়ায় উত্তরের জেলা দিনাজপুরে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। সকালে পত্র-পল্লবে মুক্তোদানার মতো শিশির বিন্দু, এর আগে রাত ও ভোরে কিছুটা কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। দিনে তেমন একটা বোঝা না গেলেও রাত থেকে ভোর পর্যন্ত কিছুটা শীত অনুভূত হচ্ছে। মাঝেমধ্যেই দেখা মিলছে কুয়াশার।
আবহাওয়া অফিস বলছে, দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করেছে। গত কয়েক দিনে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ২০ ডিগ্রির মধ্যে থাকছে। রবিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটিই এ পর্যন্ত এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। তবে পুরোপুরি শীত আসতে মাস খানেক সময় লাগবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, কয়েক দিন ধরে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। তবে এই অঞ্চলে শীতের প্রভাব ডিসেম্বর জানুয়ারিতে বেশি থাকে।
