রাঙ্গুনিয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্বামী-স্ত্রীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতরা হলেন আমির হোসেন (৬৫) ও তার স্ত্রী খাদিজা বেগম জুলেখা (৫৫)। সন্ত্রাসীদের প্রতিরোধ করতে গেলে নিহতদের ছেলেকেও কুপিয়ে গুরুতর আহত করেছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সোমবার রাতে উপজেলার সরফভাটা ছৈয়দুরখীল গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছৈয়দুরখীল গ্রামের আমির হোসেনের বাড়িতে সোমবার রাত সাড়ে ১০টায় দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা করে। ধারালো অস্ত্রের আঘাতে আমির হোসেনকে গুরুতর আহত করে। তাকে বাঁচাতে তার স্ত্রী খাদিজা বেগম জুলেখা ও ছেলে জসিম উদ্দিন এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মোনাফ বলেন, আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মঙ্গলবার ভোররাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে আমির হোসেন ও তার স্ত্রী খাদিজা বেগম জুলেখার মৃত্যু হয়।
এ ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক মো. মোবারক বলেন, পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসীরা আগের বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। পুলিশ তাদের ধরতে অভিযান চালাচ্ছে।
