মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ১৯৭১ সালে অস্ত্র নিয়ে যুদ্ধ হয়েছে। এবার যুদ্ধ হবে ব্যালটের মাধ্যমে। সেই যুদ্ধে আওয়ামী লীগের জয় নিশ্চিত।
বুধবার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১৯৭১ সালে আপনারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিলেন। আজ তিনি নেই। তবে তার উত্তরসূরি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে সেই ৭১-এর বিজয়ের গৌরবকে আমরা সমন্বিত রাখবো।
১৯৭৫ সালের সঙ্গে বর্তমান সময়ের পার্থক্য বিশ্লেষণ করে মন্ত্রী বলেন, ১৯৭৫ সাল আর ২০২৩ বা ২০২৪ সাল এক নয়। উনিরা যদি এটি বুঝতে ভুল করে তাহলে নিশ্চিত থাকুন-সেই দিন আমরা যুদ্ধ করেছিলাম অস্ত্র নিয়ে, এবার যুদ্ধ হবে ব্যালটের মাধ্যমে। ৭১-এ অস্ত্র নিয়ে যেভাবে জয়ী হয়েছি, তেমনিভাবে এবারও আমরা (আওয়ামী লীগ) ব্যালট-যুদ্ধে জয়ী হবো।
প্রতিপক্ষকে দাঁতভাঙা জবাব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা ভাইদের কাছে অনুরোধ রাখবো, আমরা অনেকে বয়সের ভারে বৃদ্ধ হয়ে গেছি। কিন্তু আমাদের মনোবল হারাইনি। বঙ্গবন্ধুর ডাকে আমরা অস্ত্র জমা দিয়েছিলাম, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা জমা দেইনি। আজকে যারা বলে ৭৫-এর হাতিয়ার গর্জে ওঠো, তাদের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’
পলাশডাঙ্গা মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ সমন্বয় কমিটির সভাপতি বিমল কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান প্রমুখ।

