ফরিদপুর-৪ আসনের সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, দেশ ও জনগণের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলে ফরিদপুর-৪ আসনের একটি রাস্তাও কাঁচা থাকবে না। দীর্ঘ ১৫ বছর ধরে সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নে কোন এমপি আসে নাই। আমি নিক্সন চৌধুরী আসাতে আপনারা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। আমাকেও টানা তৃতীয় বারের মত আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলে ইনশাআল্লাহ আপনাদের এলাকায় উন্নয়ন করে দেব।
বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দড়ি কৃষ্ণপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি কাজী জাফর উল্লাহকে উদ্দেশ্য করে বলেন, আপনি এলাকায় আসেন না। মানুষ এখন প্রেসিডিয়াম সদস্য চায় না, মানুষ চায় উন্নয়ন ও মূল্যায়ন।
এমপি নিক্সন চৌধুরী উপস্থিত শতশত জনতার উদ্দেশ্যে বলেন, আপনাদের এলাকায় মসজিদ উন্নয়ন, স্কুলের ডোবা ভরাট, কবরস্থানের বাউন্ডারি আমার নিজ অর্থায়নে করে দেব।
বিশিষ্ট সমাজ সেবক আ: ছালাম খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা ও সদরপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক এডভোকেট সায়েদীদ গামাল লিপু, জেলা পরিষদ সদস্য এখলাস আলী ফকির, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মামুন আল রশিদ, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান হাফেজ কাউছার, কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকির, ইনজামামুল হক মিঠু, সদরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুলসহ নিক্সন সমর্থক হাজার হাজার নেতাকর্মী।
