রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকায় ভবনের দুর্ঘটনা হ্রাসে নগর উন্নয়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গুলশান এলাকায় বহুতল ভবন পরিদর্শন করে আন্ত:সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ক টিম। পরিদর্শন টিমে নেতৃত্ব দেন রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগের সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন।
পরিদর্শন টিম গুলশান এভিনিউ রোড সংলগ্ন সিডাব্লিউএস (এ) ব্লকের ১৮ নং প্লটে একটি ডেভেলপার্স কোম্পানি কর্তৃক নির্মিত ১৪ তলা বাণিজ্যিক ভবন সরেজমিনে পরিদর্শন করে। পরিদর্শন শেষে বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগের সদস্য, পরিচালক ও অথরাইজড অফিসারগণ তাদের নিজ নিজ মতামত ব্যক্ত করে।
গুলশান এলাকার অথরাইজড অফিসার ইমরুল হাসান জানান, ভবনটি রাজউক হতে অনুমোদিত নকশা মেনে নির্মাণ করা হয়েছে এবং এখানে স্ট্রাকচারাল ও স্থাপত্য নকশা সংক্রান্ত কোনো ব্যত্যয় পাওয়া যায়নি। এছাড়াও অগ্নি দুর্ঘটনা রোধে ভবনের অভ্যন্তরে ইন্টেরিয়র ডিজাইন ও ফলস সিলিং নির্মাণে দাহ্য পদার্থের তৈরি উপকরণ কমিয়ে আনার ব্যাপারে গুরুত্বারোপ করার নির্দেশনা দেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি সিনিয়র স্টেশন ম্যানেজার সৈয়দ মনিরুল ইসলাম বলেন, ভবনটিতে যথাযথ অগ্নি নিরাপত্তামূলক ব্যবস্থা রয়েছে এবং অগ্নি দুর্ঘটনা রোধে আধুনিক ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার এলার্ম, স্প্রিংকলার, ফায়ার হাইড্রান্ট ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে ভবনে জরুরি অবস্থার সময় প্রয়োজনীয় নির্দেশনা ও জরুরি যোগাযোগ নাম্বার সংবলিত নির্দেশিকা সকলের সহজে দৃষ্টিগোচর হয় এমন স্থানে স্থাপনের পরামর্শ দেন।
রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগের সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, ঢাকা শহরকে একটি আধুনিক, বাসযোগ্য ও নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সকল ভবন মালিক ও ডেভেলপারগণকে ভবন নির্মাণ বিধিমালা ও রাজউকের নিয়ম মেনে ভবন নির্মাণের আহবান জানান। ইমারত নির্মাণে ব্যত্যয় রোধে এবং অগ্নি দুর্ঘটনা কমাতে আলোচ্য ভবনটিকে একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
অগ্নি দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে ভবন নির্মাণের এই ধরণের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বসহকারে প্রচারের জন্য গণমাধ্যমকে অনুরোধ করেন।
পরিদর্শনকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডেসকো, বিএসটিআই এর প্রতিনিধিগণ, রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ-১ ও ২ এর পরিচালক, গুলশান এলাকার অথরাইজড অফিসার, জোন-৪ এর পরিচালক এবং জোন-৪ এর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
