রংপুর নগরীর স্টেশন রোডে আরডিসিসিএস মাঠে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। আজ ফজরের নামাজ আদায়ের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা মাঠের ৪ নম্বর হালকার দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, বুধবার বিকাল থেকে মুসল্লিরা মাঠে আসা শুরু করেন। বৃহস্পতিবার ফজরের নামাজ আদায়ের পরেই শুরু হবে বয়ান। এবারে ইজতেমায় রংপুর জেলার আট উপজেলা ও সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের লক্ষাধিক মুসল্লি অংশ নিচ্ছেন। আগামী শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শেষ হবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, ইজতেমার নিরাপত্তার বিষয় মাথায় রেখে আয়োজকদের সঙ্গে কথা বলে কর্মপন্থা সাজানো হয়েছে। নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
