সেই পাপিয়ার জামিন স্থগিত

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৬:২৯

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর ওরফে পাপিয়াকে উচ্চ আদালতের দেওয়া ছয় মাসের জামিন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম দুদকের করা আবেদনের শুনানি শেষ ৮ জানুয়ারি পর্যন্ত তার জামিন স্থগিত করেন। 

আদালতে পাপিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী রবিউল আলম। আর দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পাপিয়াকে ৬ মাসের জামিন দেন উচ্চ আদালত। বুধবার (১ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে উচ্চ আদালতের দেওয়া জামিন স্থগিত চেয়ে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে দুদক।

প্রসঙ্গত, ২০২০ সালের ৪ আগস্ট ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলাটি করেন। 

ইত্তেফাক/ডিডি/এএএম