বিশ্বের বেশ কয়েকটি দেশে বন্ধ হচ্ছে উত্তর কোরিয়ার দূতাবাস

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৮:০২

স্পেন, হংকং, আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশে বন্ধ হতে যাচ্ছে উত্তর কোরিয়ার দূতাবাস। ৩১ অক্টোবর (সোমবার) রয়টার্স এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গত সোমবার উত্তর কোরিয়ার বন্ধু রাষ্ট্র অ্যাঙ্গোলা এবং উগান্ডার নেতাদের সাথে দেশটির রাষ্ট্রদূতেরা বিদায়ী অনুষ্ঠান করে। এরপর দুই দেশে দূতাবাস বন্ধের খবরটি সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়। স্পেনিশ কমিউনিস্ট পার্টির ওয়েবসাইটের বরাত দিয়ে রয়টার্স জানায়, গত ২৬ অক্টোবর উত্তর কোরিয়া স্পেনে দূতাবাস বন্ধের বিষয়টি লিখিতভাবে ঘোষণা করে।

সংবাদমাধ্যম ও বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে উত্তর কোরিয়ার দূতাবাসগুলোর মধ্যে ২৫ শতাংশই বন্ধ হয়ে যেতে পারে। তারা আরও বলছেন, উত্তর কোরিয়ার বিভিন্ন রাষ্ট্রের সাথে বিচ্ছিন্নতা, সম্ভাব্য অর্থনৈতিক সঙ্কট এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দূতাবাস বন্ধ করতে হচ্ছে।

প্রতিবেশী রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, কূটনৈতিক মিশন বন্ধ এটাই প্রমাণ করে যে উত্তর কোরিয়া বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বৈদেশিক মুদ্রা অর্জনে হিমশিম খাচ্ছে। এই অবস্থায় বিভিন্ন দেশে দূতাবাস পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

এদিকে, দূতাবাস বন্ধের বিষয়টি এই দশকের ভেতর উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বৈদেশিক নীতি পরিবর্তন এর কারণ হতে পারে বলে মনে করেন উত্তর কোরিয়া ভিত্তিক সংবাদ ওয়েবসাইট এর প্রতিষ্ঠাতা চাদ ও’ ক্যারল। বৈদেশিক কূটনৈতিক সম্পর্ক, ত্রাণ ও মানবিক সহায়তা পেতে প্রভাব পেতে বিচ্ছিন্ন দেশটির উপর প্রভাব ফেলবে এই সিদ্ধান্ত মনে করেন তিনি।

ইত্তেফাক/টিটি/এসএটি