ঈশ্বরদীতে বোমার মতো বস্তু, ঘটনাস্থলে র‌্যাব

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১৪:৩২

ঈশ্বরদী রেল জংশন এলাকার ইয়ার্ডে বোমার মতো বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা। বিষয়টি ইত্তেফাকের এই সংবাদদাতাকে জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাস।

শুক্রবার (৩ নভেম্বর) ভোরে ঈশ্বরদী জংশনের ১ নং প্লাটফর্মের পশ্চিমে রেল লাইনের ওপর আন্তঃনগর ট্রেনের নতুন কোচের নিচে লাল রংয়ের টেপে জড়ানো বোমার মতো বস্তুটি দেখতে পান রেলওয়ে নিরাপত্তাকর্মীরা।

পাবনার ঈশ্বরদীতে বোমার মতো বস্তুকে ঘিরে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক। ছবি: ফোকাস বাংলা

বস্তুটি খতিয়ে দেখতে রাজশাহী থেকে ঘটনাস্থলে এসে কাজ করছে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। এটি একটি শক্তিশালী ককটেল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ছবি: ফোকাস বাংলা

ইউএনও বলেন, ‘শুক্রবার রাতে কে বা কারা ঈশ্বরদী জংশনের ইয়ার্ডে লাল টেপে মোড়ানো একটি কৌটার মতো বস্তু রেল লাইনে রেখে গেছে। ভোরে রেলওয়ে নিরপত্তাকর্মীদের টহল দল বস্তটি দেখতে পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে। তবে সেটা আদৌ বোমা কিনা সেটি এখনও নিশ্চিত নয়। রাজশাহী থেকে আসা র‍্যাবের বোমা ডিসপোজাল ইউনিট সদস্যরা কাজ শুরু করেছেন।’

পাবনার ঈশ্বরদীতে বোমার মতো বস্তুকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: ফোকাস বাংলা

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন যে জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য কেউ বোমার মতো বস্তু রেখে গেছে। তবে রেলপথের নিরপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ইত্তেফাক/এইচএ