আখাউরা-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, খুলনা-মংলা বন্দর রেল লাইন এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প বাংলাদেশের পাশাপাশি ভারতের জন্যও সুফল বয়ে আনবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাতে যান। এসময় এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, 'ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমি গত ১ নভেম্বর যৌথভাবে তিনটি উন্নয়ন প্রকল্প চালু করেছি। আমি আশা করি এই প্রকল্পগুলো উভয় দেশ এবং উপ-অঞ্চলের জনগণের উপকার করবে।'
এই তিন প্রকল্প হলো ১২.২৪ কিলোমিটার আখাউরা-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, খুলনা-মংলা বন্দর রেল লাইন; এবং মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের ইউনিট -২।
প্রধানমন্ত্রী ও হাইকমিশনারের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।
২০২৪ থেকে পাঁচ বছরের মেয়াদে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন আঞ্চলিক পরিচালক হিসাবে সায়মা ওয়াজেদের প্রার্থীতাকে সমর্থন করার জন্যও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সরকার ও নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতার অবস্থা নিয়েও সন্তোষ প্রকাশ করেন। ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মাও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
বৈঠকে অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।
