‘পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর বাঘায় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩। শনিবার (৪ নভেম্বর) সকালে বাঘা থানা চত্বর থেকে একটি র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উৎযাপন করে বাঘা থানা পুলিশ।
বেলা ১২টায় বাঘা থানা চত্বর থেকে অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম ও ইন্সপেক্টর তদন্ত সবুজ রানার নেতৃত্বে সঙ্গীয় পুলিশসহ এলাকার তরুণ যুবক ও সুধীজনদের সমন্বয়ে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যথাস্থানে এসে মিলিত হয়।
এর আগে বাঘা জিরো পয়েন্টে র্যালি থামিয়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। ঐ সভায় বক্তব্য রাখেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম ও উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি শী অশিত কুমার ওরফে বাকু পাণ্ডে।
সভায় বক্তারা বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষের মধ্যে পুলিশি ভীতি দূর করে সেবা সহজ করতে কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। কমিউনিটি পুলিশিং একটি সংগঠনভিত্তিক দর্শন ও ব্যবস্থাপনা, যা জনগণকে সম্পৃক্ত করে জনগণ ও পুলিশের অংশীদারত্বের ভিত্তিতে সমাজে অপরাধ ভীতি হ্রাস ও বিভিন্ন সমস্যা সমাধান করা হয়।
এ ছাড়াও চলমান কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসাবে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের পুলিশের কাজে সহযোগিতা, অপরাধবিরোধী সচেতনতা তৈরি, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী ও শিশু নির্যাতন, যৌতুকনিরোধ, মোবাইল ফোনের অপব্যবহার, সামাজিক মূল্যবোধ বাড়ানো এবং হরতালের নামে যানবহন পুড়িয়ে জান-মালের ক্ষতি সাধন না করাসহ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
