ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১২:৪১

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ রোববার সকাল ৮টা থেকে ১৩২টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত হন। তবে সকালে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়ার আশা করছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে সুষ্ঠু ও স্বতস্ফূর্তভাবে উপনির্বাচন অনুষ্ঠানের লক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তায় ৮০০ পুলিশ, ৭ প্লাটুন বিজিবিসহ র‌্যাব, আনসার, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত পরিমাণ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টির  মো. রাজ্জাক হোসেন ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর এ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সাত্তার ভুইয়া মৃত্যুবরণ করায় উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৭২ জন।

ইত্তেফাক/এইচএ