দুই সন্তানসহ পরিবার নিয়ে ঢাকা থেকে ট্রেনে ঠাকুরগাঁও আসছিলেন স্বামী-স্ত্রী। পথে গৃহবধূ বিজলী আক্তারকে (৪০) হারিয়ে ফেলেছেন দলিম উদ্দীন। এক সপ্তাহ ধরে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার বিভিন্ন রেলস্টেশনে খোঁজ করছেন তিনি। তাদের বাড়ি জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের জিয়াখোর গ্রামে।
এ ঘটনায় শুক্রবার রাতে বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন গৃহবধুর স্বামী দলিম উদ্দীন।
বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক জানান, ঢাকা থেকে ট্রেনে দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনে আসার পর ওই স্টেশনকে ঠাকুরগাঁও রোড রেলস্টেশন ভেবে ট্রেন থেকে নেমে পড়েন গৃহবধূ বিজলী আক্তার। তার স্বামী তাকে ট্রেনে পুনরায় তোলার চেষ্টা করে ব্যর্থ হন।
দলিম উদ্দীন বলেন, ‘বিজলী আক্তারের কাছে টাকা ছিল। আমরা মনে করেছিলাম পরের ট্রেনে সে ঠাকুরগাঁও রোড রেলস্টেশনে চলে আসবে। কিন্তু দুদিন অপেক্ষা করার পরও সে না এলে আমরাই তার খোঁজ শুরু করি। এক সপ্তাহ অনেক খুঁজেও তাকে না পেয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’
এদিকে মাকে হারিয়ে দুই সন্তানের মানসিক অবস্থা খুব খারাপ হয়ে পড়েছে। ছবি দেখে কোন ব্যক্তি বিজলী আক্তারের সন্ধান দিতে পারলে তাকে উপযুক্ত পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন দলিম উদ্দীন।
আরও পড়ুন: দেশের প্রবৃদ্ধিতে বিদেশি বিনিয়োগকারীদের আরও এগিয়ে আসতে হবে: আতিকুল
বিজলী আক্তারের বয়স ৪০, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি, শারীরিক গঠন মাঝারি, চোখের ধরণ স্বাভাবিক, চুল খাটো কালো রঙের, চেকের প্রিন্টের শাড়ি পরিহিত অবস্থায় ট্রেনে ছিলেন। ছবি অথবা বর্ণনা দেখে চিনতে পারলে গৃহবধূর স্বামী-০১৭৮৫৪৫৩৩০১ অথবা বালিয়াডাঙ্গী থানার ওসি-০১৭১৩৩৭৩৯৮৬ নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
