বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। রোববার ও শনিবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
ডোমার (নীলফামারী): ডোমারে মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আহিমন বেগম (৭০)। রবিবার দুপুরে উপজেলার বোড়াগাড়ী বাজার হতে পাগলীমার হাট সড়কের উত্তর মটুকপুর বুদলীরপাড় এলাকায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই খবর পেয়ে থানা পুলিশ বোড়াগাড়ী বাজার হতে মোটরসাইকেল চালক মিলন ইসলামকে (২৫) আটক করে। নিহত বৃদ্ধার ছেলে আমিজারন রহমান বাদী হতে ডোমার থানায় হত্যা মামলা দায়ের করায় মিলনকে গ্রেফতার দেখানো হয়েছে। জানা গেছে, রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর মটকপুর বুদলীরপাড় এলাকার ভাঙারি দোকানের কর্মচারী আহিমন বেগম চা খাওয়ার জন্য রাস্তার বিপরীত দিকে চায়ের দোকানে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে মিলন বোড়াগাড়ী বাজারে আসার পথে ঐ বৃদ্ধাকে ধাক্কা দেয়। ডোমার থানার ওসি মাহমুদ উন নবী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আরাফাত হোসেন (২১)। কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কালীগঞ্জ উপজেলার ফয়লা মিশনপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রাত দেড়টার দিকে মোটরসাইকেলযোগে বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন বাসের হেলপার আরাফাত হোসেন। পথে কালীগঞ্জ-কোলা সড়কের ফয়লা মিশনপাড়ায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন আরাফাত হোসেন। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালাই (জয়পুরহাট): কালাইয়ে আওয়ামী লীগের নাগরিক সভা থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম খোকন (৩৭)। দুর্ঘটনায় আহত হয়েছেন কাদের (৩২) নামের একজন। শনিবার সন্ধ্যায় কালাই পৌরসভার দুরঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ওসি ওয়াসিম আল বারী। কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান বলেন, জেলার কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নাগরিকসভায় যোগ দিয়ে খোকন এবং কাদের নিজ বাড়ি ফিরছিল। পথে কালাই পৌরসভার দুরঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে খোকনের মৃত্যু হয় আর কাদের গুরুতর আহত হয়।
