গোপনে অনেকে বিএনপি ছাড়ছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তিনি বলেন, যারা ছেলেদের মিথ্যা আশ্বাস দিয়ে মাঠে নামিয়ে নাশকতা করাচ্ছে তাদের ভবিষ্যতে সাজা হবে। তখন কিন্তু এসব নেতারা থাকবেন না। (বিএনপির) অনেক নেতা গোপনে চেষ্টা করছেন দল বদলানোর।
সোমবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে সাইনবোর্ডে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের শান্তি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
শামীম ওসমান বলেন, এখনো আমরা কোনো ঝামেলা করি নাই। তারপরও দেখতে পারছি মানুষের গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। আমি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই এটা কোন বাংলাদেশ! এমন দেশতো আমরা চাই না। ২৮ অক্টোবর সমাবেশের নামে আমাদের একজন পুলিশকে হত্যা করা হলো। নারীদের ওপর হামলা করা হলো। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের ওপর হামলা করা হচ্ছে। সাংবাদিক তো কোনো দলের লোকজন না তাদের ওপরও নির্মম হামলা করা হচ্ছে। কিন্তু তাদের ওপর যে বর্বর হামলা করা হলো তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। যারা মিথ্যা আশা দিয়ে বাচ্চা বাচ্চা ছেলেদের দিয়ে ধ্বংসাত্মক কাজ করাচ্ছেন। তখন কিন্তু এসব নেতারা থাকবেন না।
তিনি বলেন, যারা লন্ডনে বসে ষড়যন্ত্র করছে তারা কিছুই করতে পারবে না। তাদের উদ্দেশ্য নির্বাচন না, এমন একটা সরকার আনা যেন দেশটা অন্য কারও হাতে চলে যায়। দেশে নির্বাচনও হবে আর আওয়ামী লীগই জিতবে। যারা বিএনপি করে তারা তো আমাদেরই সন্তান। তাদের যখন কিছু হবে তখন কিন্তু বিএনপির কেউ দায় নেবে না। আমরা চাই না মানুষের জানমালে আঘাত আসুক।
