হরতালের নামে নৈরাজ্য মেনে নেওয়া হবে না: প্রদ্যুৎ কুমার তালুকদার

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ২১:৪২

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রদ্যুৎ কুমার তালুকদার বলেছেন, হরতালের নামে বিএনপি-জামায়াত সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পুলিশ সদস্যকে হত্যা করেছে। প্রধান বিচারপতির বাসভবনে ঢুকে সন্ত্রাসী হামলা চালিয়েছে। হরতালের নামে নৈরাজ্য, অগ্নিসংযোগ চালানোর চেষ্টা করা হলে মুজিব আদর্শের সৈনিকরা হাত গুটিয়ে বসে থাকবে না। মাঠে থেকে এদের প্রতিহত করা হবে। 

শুক্রবার (৩ নভেম্বর) স্থানীয় কল্যাণী বাজারে প্রদ্যুৎ কুমার তালুকদারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রদ্যুৎ কুমার তালুকদার। 

তিনি বলেন, সারা দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাসী বাহিনী নৈরাজ্য, অগ্নিসংযোগ, হরতাল ও অবরোধ করে দেশকে পঙ্গু করে দিতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। এই দেশ একমাত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিতসহ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

এসময় আরও বক্তব্য রাখেন দিরাই উপজেলা আওয়ামী লীগ নেতা কানু লাল দাস, ছাত্রলীগ নেতা পিক্লু দাস, দিরাই উপজেলা ছাত্রলীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক চয়ন তালুকদার, করিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রতন সূত্রধর, দিরাই কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিটু তালুকদার দিপু, সিলেট বিভাগীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা পীযূষ তালুকদার, রফিনগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রহমত আলী, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অমর চক্রবর্তীসহ অনেকে।

ইত্তেফাক/পিও