সড়কে ঝরলো তিন প্রাণ

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৫:০০

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও আট জন। রবিবার বিকাল ৪টা থেকে সোমবার বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

শ্রীবরদী (শেরপুর): শ্রীবরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আল আমিন (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বকচর গ্রামের শ্রীবরদী-ভায়াডাঙ্গা রাস্তার ওপর ঘটনাটি ঘটে।  এ সময় আব্দুল্লাহ ও মামুন নামে দুই জন গুরুতর আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী।

দেওয়ানগঞ্জ (জামালপুর): দেওয়ানগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শিপন মিয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার চিকাজানি ইউনিয়নের কাজলাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দেওয়ানগঞ্জ থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীতে মোটরসাইকেল ও গরু বহনকারী করিমনের সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই জন। সোমবার সকালে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী মিতুল (১৪) ঈশ্বরদী ভোকেশনাল টেক্সটাইলের নবম শ্রেণির শিক্ষার্থী।

নাটোর: নাটোরের নলডাঙ্গায় সেতুর ঢালে একটি ট্রাক ব্রেক ফেল করে তিন অটোরিকশা ও পাঁচ অটোভ্যান এবং একটি মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই অটোরিকশার যাত্রী এবং দুই চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। রবিবার বিকাল ৪টার দিকে নলডাঙ্গা উপজেলার পৌরসভা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন জেসমিন খাতুন, আব্দুর রাজ্জাক, আবুল হোসেন ও সেন্টু। নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

ইত্তেফাক/এমএএম