'সমতন্ত্র' ক্যাম্পেইনকে সামনে রেখে 'ব্র্যাক' ও বাংলাদেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন 'ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ' যৌথভাবে বাংলাদেশে প্রথম বারের মতো আয়োজন করেছে 'ব্র্যাক-এনডিএফ বিডি জাতীয় মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা ২০২৩'।
মঙ্গলবার (৭ই নভেম্বর) রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত দারুল আজহার মডেল মাদ্রাসা মিলনায়তনে ঢাকা বিভাগের স্বনামধন্য মাদ্রাসাগুলো থেকে ৪টি বিতর্ক দলের অংশগ্রহণে ঢাকা বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঢাকা বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিতর্ক দল সমূহ হলো: দারুল আজহার মডেল মাদ্রাসা বয়েজ সেকশন, দারুল আজহার মডেল মাদ্রাসা গার্লস সেকশন, তানজিমুল উম্মাহ কামিল মাদ্রাসা ও তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসা। প্রতিটি বিতর্ক দলের পাঁচজন বিতার্কিক আলোকিত করে বিতর্কের মঞ্চ। আয়োজনটিতে ঢাকা বিভাগের বিভিন্ন মাদ্রাসার দুই শতাধিক বিতার্কিক অংশগ্রহণ করে। সকল বিতার্কিকদের জন্য ছিল একটি আকর্ষণীয় বিতর্ক কর্মশালা যা পরিচালনা করেন, দেশের অন্যতম সেরা উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব এনডিএফ বিডির কো-চেয়ারম্যান এম আলমগীর।
ঢাকা বিভাগীয় এই বিতর্ক প্রতিযোগিতার ছেলেদের বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তানজিমুল উম্মাহ কামিল মাদ্রাসা ও মেয়েদের বিতর্কে চ্যাম্পিয়ন তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসা। বিজয়ী দলের হাতে নগদ অর্থ ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। প্রতিযোগিতা শেষে সকল অংশগ্রহণকারী বিতার্কিকদের হাতে শুভেচ্ছা সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
ঢাকা বিভাগীয় এই বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন নবনীতা চৌধুরী, পরিচালক, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি ও প্রিভেন্টিং ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন ইনিশিয়েটিভ কর্মসূচি, ব্র্যাক। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান একেএম শোয়েব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল আজহার মডেল মাদ্রাসার প্রতিষ্ঠা ও প্রিন্সিপাল সাইফ উদ্দিন আহমেদ খন্দকার, আরও উপস্থিত ছিলেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক ও তানজিমুল উম্মাহ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুন এবং তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসার প্রিন্সিপাল ড. মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মাদ্রাসার সম্মানিত শিক্ষক ও পরিচালনা বোর্ডের সদস্যবৃন্দ।
৭ই নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতাটি দেশের প্রতিটি বিভাগে বাছাই পর্ব শেষে জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে শেষ হবে।
