নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কৃষকদের সেচ সুবিধার জন্য ক্যানেল নির্মাণে ধীরগতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা।
জানা গেছে, কিশোরগঞ্জ উপজেলার নিতাই ও বাহাগিলি ইউনিয়নের ৩ হাজার কৃষকের সেচ সুবিধা নিশ্চিত করার জন্য একটি সেচ ক্যানেল নির্মাণের উদ্যোগ নেয় পাউবো। এর ব্যয় ধরা হয় ৭ কোটি ২৮ লাখ টাকা। কাজটি পায় পটুয়াখালী জেলা সদরের আবুল কালাম আজাদী নামের এক ঠিকাদার।
প্রকল্প এলাকার কৃষকদের অভিযোগ, গত ২৯ জুনের মধ্যে কাজ শেষের নির্দেশনা থাকলেও এখন অবধি ৫০ ভাগ কাজও শেষ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। তাছাড়া সেচ ক্যানেলের ইউড্রেন নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের তদারকি কর্মকর্তার অনুপস্থিতিতেই ঢালাইয়ের কাজ চলছে।
স্থানীয় কৃষক কালাম মিয়া বলেন, ১২ মিলি রডের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ১০ মিলি রড। সিমেন্ট ও বালুর চেয়ে পাথর দেওয়া হচ্ছে বেশি। সেসব পাথর আবার খুবই নিম্নমানের।
প্রকল্প এলাকায় উপস্থিত সাব-ঠিকাদার আকবর হোসেন বলেন, আমরা মূল ঠিকাদারের কাছ থেকে কাজটি কিনে নিয়েছি। সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে। এখানে কোনো অনিয়ম হচ্ছে না।
সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী ও প্রকল্পের তদারকি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ভুল করে অল্প কিছু খারাপ পাথর দেওয়া হয়েছে বলে জানা গেছে। সরেজমিনে পরিদর্শন করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
