পীরগাছায় স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০০:৫৯

রংপুরের পীরগাছায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রফিকুল ইসলাম অপুর (৩৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. রোকনুজ্জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম পীরগাছা উপজেলার কান্দি কাবিলাপাড়া গ্রামের ওয়াহেদ মন্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৯ ডিসেম্বর রাতে সাগরীকে শ্বাসরোধে হত্যা করেন রফিকুল। এ ঘটনায় আজিম উদ্দিন বাদী হয়ে রফিকুল ইসলাম অপু এবং তার মা, বাবা, ভাই ও ভাবিসহ ছয় জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। মামলায় দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আদালত। অন্য অভিযুক্তদের খালাস দেন বিচারক। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ইত্তেফাক/এমএএম