মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে রবিবার একটি বেসামরিক স্থানে স্বল্প সময়ের জন্য দেখা করছেন। খবর বিবিসির।
কিমের সঙ্গে হাত মেলাতে চান ট্রাম্পের এমন টুইটের পর দুই নেতার মধ্যে এ সাক্ষাৎ হচ্ছে বলে খবরে বলা হয়েছে।
সিউলে যৌথ সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন নিশ্চিত করে বলেছেন, সীমান্তে তারা ‘শান্তির জন্য হাত মেলাবেন’।
মুন আরো বলেন, দুই নেতা সীমান্ত অঞ্চলের মধ্যে পানমুনজোম নামে এক ‘গ্রামে’ দেখা করবেন। যেখানে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রায় আলোচনা হয়।
তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু বলা হয়নি।
এর আগে জি-২০ সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, কিমকে তিনি আরো একটি সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এরপর এক টুইট বার্তায় ট্রাম্প লিখেন, ‘চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর আমি জাপান থেকে প্রেসিডেন্ট মুনের সঙ্গে দক্ষিণ কোরিয়া যাচ্ছি।
আরো পড়ুন: ৩৩২ কোটি টাকা নিয়ে দুবাই’র শাসককে ছেড়ে পালালেন স্ত্রী
টুইটে ট্রাম্প আরো বলেন, ‘কিম যদি এটা দেখে থাকেন তাহলে সীমান্তে আমি তার সঙ্গে দেখা করতে চাই, করমর্দন করে হ্যালো বলতে চাই!’
ইত্তেফাক/এসআর
