নোয়াখালীতে মানিকের নেতৃত্বে আওয়ামী লীগের শান্তি সমাবেশ 

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১৫:১৭

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে নৌকায় মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিকের নেতৃত্বে অবরোধবিরোধী মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে জেলার সেনবাগ উপজেলার ছমির মুন্সির হাট এলাকায় আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। ‌

‘অবরোধ নয়, শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির বাংলাদেশ চায় মানুষ’ এ শ্লোগান দিয়ে উপস্থিত নেতাকর্মীরা বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। 

এসময় নৌকায় মনোনয়নপ্রত্যাশী ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি আতাউর রহমান মানিক বলেন, ‘দেশের মানুষ বিএনপির ডাকা অবরোধ আর মানছেন না। মানুষ অবরোধ চায় না, সমৃদ্ধি চায়, চায় স্মার্ট বাংলাদেশ।’ 

তিনি আরও বলেন, ‘হরতাল-অবরোধ দিয়ে উন্নয়নকে বাধাগ্রস্ত করা, মানুষকে অশান্তিতে রাখা—আমরা কোনভাবেই পছন্দ করি না। আমরা একটা কথাই বুঝি, নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে।’

এসময় সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আবু জাফর টিপু, উপজেলা আওয়ামী লীগের নেতা আলী আক্কাস রতন, সেনবাগ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুজ্জামান চৌধুরী বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষ মরিয়া হয়ে আছেন। সেই জন্য শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচনে জনগণেরর কোন আপত্তি নেই বলেই তারা বিএনপির ডাকা হরতাল-অবরোধ মানছেন না।’ 

ইত্তেফাক/ডিডি/এএএম