ভারতের রাজধানী দিল্লির বায়ু দূষণের মাত্রা চরমে পৌঁছেছে। দূষণ কমাতে জোড়-বিজোড় নিয়মে রাস্তায় গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি সরকার। অর্থাৎ নভেম্বর মাসে জোড় তারিখে শুধু যেসব গাড়ির শেষ দুই অঙ্ক জোড় সেগুলো চলবে এবং বিজোড় দিনে চলবে বিজোড় নাম্বারের গাড়ি। তবে কর্তৃপক্ষ এই নীতি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে শুক্রবার। খবর এনডিটিভির।
দিল্লির সুপ্রিম কোর্ট এই নিয়ম বাস্তবায়নের সিদ্ধান্ত ক্ষমতাসীন আম আদমি পার্টির ওপর ছেড়ে দেওয়ার পরেই শুক্রবার বিকেলে এই ঘোষণা দিয়েছেন রাজ্যের পরিবেশ মন্ত্রী গোপাল রাই।
পূর্বের ঘোষণা অনুযায়ী এই নিয়ম দীপাবলির পরের দিন (১৩ নভেম্বর) থেকে চলতি বছরের কার্যকর হওয়ার কথা ছিল।
পরিবেশ মন্ত্রী আরও বলেছেন, দিল্লি সরকার দীপাবলির পরে বায়ুর মান পর্যালোচনা করে জোড়-বিজোড় নিয়ম বাস্তবায়ন করার বিষয় বিবেচনা করবে। সম্প্রতি দূষণের মানে উন্নতি হতে দেখা গেছে। আগে দিল্লির বাতাসে অ্যাকিউআই মান ছিল ৪৫০ এর বেশি তবে বর্তমানে দেখা গেছে ৩০০ এর কাছাকাছি চলে এসেছে। তাই এই সিদ্ধান্ত আপাতত স্থগিতম করা হয়েছে।
উল্লেখ্য, অ্যাকিউআই মান যত কম হবে তত পরিবেশের জন্য ভাল।
