নির্বাচনে না এসে বিএনপির গতি নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি বলেন, যদি কেউ নির্বাচনে না আসে, সেটা তার সিদ্ধান্ত। দেশে সঠিক সময়েই নির্বাচন হবে।
শুক্রবার (১০ নভেম্বর) ফতুল্লার কুতুবপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে প্রথম নির্বাচনী প্রচারণায় নামেন শামীম ওসমান। তিনি কুতুবপুর ও লাকিবাজার এলাকা পরিদর্শন শেষে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং নৌকার পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালান।
শামীম ওসমান বলেন, দেশে সঠিক সময়েই নির্বাচন হবে। গ্যারান্টি দিয়ে বলতে পারি। এক সেকেন্ড আগে না, এক সেকেন্ড পরেও না। সবাই নির্বাচনে আসবে। নির্বাচনে না এসে বিএনপির গতি নেই। যদি কেউ নির্বাচনে না আসে, সেটা তার সিদ্ধান্ত। তবে আমি শুধু একটা দোয়া করি, আল্লাহ যেন দেশের উপর রহমত রাখেন, বরকত রাখেন, হেফাজত রাখেন। আমরা যাতে সবাই ভালো থাকি, সুখে থাকি, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারি।
তিনি বলেন, মানুষকে খুশি করতেই আমরা রাজনীতি করি। এই এলাকাটা একসময় আলোর নিচে অন্ধকার ছিল। এখন এখানে স্কুল হয়েছে, রাস্তা হয়েছে। আল্লাহ যদি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানান আর আমি যদি নির্বাচিত হই, তাহলে ছোটখাটো কাজের জন্য আমাকে বলা লাগবে না। কয়েকটি বছর বেঁচে থাকতে পারলে নারায়ণগঞ্জের মানুষের আর ঢাকায় যাওয়া লাগবে না। মানুষ গর্ব করে বলবে, নারায়ণগঞ্জ দেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা। ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক, যেটি একে-এম শামসুজ্জোহা সড়ক নামে পরিচিত, সেটি দেখতে হাজার হাজার মানুষ আসবে।
নির্বাচনী প্রচারণার বিষয়ে শামীম ওসমান বলেন, ঘোষণা দিয়েই প্রচারণা শুরু করেছি। তবে আনুষ্ঠানিকভাবে মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু প্রমুখ।
