পাকিস্তানকে নিয়ে শেবাগের ব্যঙ্গাত্মক ট্রল

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১২:১০

গত পরশু শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের অনায়াস জয় কার্যত শেষ করে দিয়েছে পাকিস্তানের সেমিফাইনাল খেলার আশা। কাগজে কলমের যে অদ্ভুত সমীকরণ পাকিস্তানিদের সেমির সম্ভাবনা জিঁইয়ে রেখেছে, সেই সমীকরণ নিয়ে খোদ পাকিস্তানিরাই ঠাট্টা-মশকরায় মেতে উঠেছে।

ওয়াসিম আকরাম যেমন বাবর আজমদের পরামর্শ দিয়েছেন, ইংল্যান্ডের ড্রেসিংরুমে তালা মেরে তাদের সব ব্যাটসম্যানকে ‘টাইমড আউট’ করে দেওয়ার! তা পাকিস্তানিরা নিজেদের বিষয় নিয়ে ঠাট্টা-মশকরা করতেই পারেন। তাই বলে চিরশত্রু ভারতের কেউ যদি কাটা গায়ে নুনের ছিটা দেয়, তা হজম করাটা পাকিস্তানিদের জন্য কষ্টেরই।

আর সেই কষ্টটা পাকিস্তানিদের হজম করতেই হচ্ছে। কারণ, পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য চুরমার হওয়া নিয়ে নিষ্ঠুর রসিকতা করেছেন ভারতের বীরেন্দর শেবাগ।

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের জয়ের পরপরই শেবাগ টুইট করেন, ‘পাকিস্তান জিন্দাভাগ।’ বিশ্বকাপ স্বপ্ন চুরমার হওয়া দলকে ‘জিন্দাবাদ’ বলাটাই রসিকতা। সেখানে শেবাগ লিখেছেন ‘জিন্দাভাগ!’ মানে বাবর আজমদের ভালোয় ভালোয় দেশে ফিরে যাওয়ার তাড়না দিয়েছেন তিনি। এতটুকুই থামেননি শেবাগ। টুইটে তিনি আরো লিখেছেন, ‘নিরাপদে ঘরে ফেরো। বাই, বাই পাকিস্তান!’

ইত্তেফাক/এএম