১৫ বছরে বদলে গেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১৪:৪২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের উন্নয়নে গত ১৫ বছরে বদলে গেছে বাংলাদেশ। সড়ক যোগাযোগ ও মানুষের জীবনযাত্রার উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। রেল সম্পূর্ণ অবহেলিত ছিল। লাভ-লোকসানের হিসাব না করে এগিয়ে নেয় বর্তমান সরকার।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে কক্সবাজার আইকনিক রেলস্টেশন চত্বরে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পের রেল চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পের রেল চলাচলের উদ্বোধন অনুষ্ঠান। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী বলেন, ১৪৩টি নতুন রেল চালু করা হয়েছে। ১৩৪টি স্টেশনে সিগন্যালিং ব্যবস্থা উন্নয়ন এবং আধুনিকীকরণ করা হয়েছে। অভ্যন্তরীণ ও আঞ্চলিক রেল যোগাযোগ সম্প্রসারণে অনেকগুলো মেগা প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইনের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে সত্যি আমি খুব আনন্দিত। একটা কথা দিয়েছিলাম, কথাটা রাখলাম। আজকের দিনটি দেশের জনগণের জন্য একটা গর্বের দিন।

এর আগে বেলা ১১টা ৩৫ মিনিটে অনুষ্ঠান স্থলে পৌঁছান শেখ হাসিনা। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি। প্রধানমন্ত্রী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া শেষে শিশুদের সঙ্গে ছবি তুলেন। এরপরই মঞ্চে উঠে বসেন তিনি।

ইত্তেফাক/ডিডি/এসকে