ইকমা ইমার্জিং লজিস্টিক নেটওয়ার্ক সম্মাননা পেল ‘স্টেডফাস্ট’

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১৯:৪৮

২৭ ক্যাটাগরিতে ৩৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ডস (ইকমা) সম্মাননা দিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। এই অ্যাওয়ার্ডে ‘ইমার্জিং লজিস্টিক নেটওয়ার্ক’ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে জনপ্রিয় এফ-কমার্স ‘স্টেডফাস্ট’ কুরিয়ার।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিজয়ীদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বারের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন স্টেডফাস্ট কুরিয়ার-এর সিইও কে এম রিদওয়ানুল ইসলাম বারী জিওন।

‘ইমার্জিং লজিস্টিক নেটওয়ার্ক’ স্বীকৃতি পাওয়া প্রসঙ্গে স্টেডফাস্ট কুরিয়ার সিইও জিওন বলেন, এই অ্যাওয়ার্ড পেয়ে আমরা আমরা অত্যন্ত আনন্দিত। এই বিজয় আমাদের সকল মার্চেন্টের এবং সকল স্টাফদের। আজকের এই দিনে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই সেসকল মার্চেন্টদের- যারা স্টেডফাস্টের কঠিন সময়েও পাশে ছিলেন। এত বড় পরিসরে ইকমা অ্যাওয়ার্ড আয়োজন করায় ই-ক্যাব ইসি কমিটিতেও আমি ধন্যবাদ জানাই।

এদিকে, দ্বিতীয়বারের মতো দেওয়া এ সম্মাননায় বেস্ট ই-কমার্স মার্কেট-প্লেস হয়েছে ‘দারাজ’ এবং বেস্ট ক্লাসিফায়েড ই-কমার্স প্ল্যাটফর্ম ‘বিক্রয় ডটকম’। এছাড়া বেস্ট ই-কমার্স এনাবলার (প্ল্যাটফর্ম) হয়েছে ‘উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই)’, বেস্ট ই-কমার্স এনাবলার (বিপিও) ‘স্কাই টেক’ এবং ইনোভেটর অব দ্য ইয়ার ফর ই-কমার্স হয়েছে ‘উপায়’। ই-কমার্সের জন্য সর্বোত্তম লজিস্টিক নেটওয়ার্ক হিসেবে পুরস্কৃত হয়েছে পাঠাও। আর ইমার্জিং লজিস্টিকস নেটওয়ার্ক হয়েছে ‘স্টেডফাস্ট’। বেস্ট লজিস্টিকস সলিউশন প্রোভাইডার ‘ডিজিবক্স’ এবং বেস্ট রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’।

ই-ক্যাব সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং নাহিম রাজ্জাক এমপি। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিদেশি অতিথি, ই-ক্যাবের পরিচালনা পর্ষদের সদস্য, অ্যাওয়ার্ডপ্রাপ্ত উদ্যোক্তা, স্পন্সর, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এবি