সখীপুরে ‘শাইল-সিন্দুর’ খালে মাছ ধরা উৎসব

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ২১:০২

টাঙ্গাইলের সখীপুরে মাছ ধরা উৎসব পালন করা হয়েছে। স্থানীয় মৎস্যপ্রেমীরা এ উৎসব পালন করেছেন। শনিবার (১১ নভেম্বর) সখীপুরের কাকড়াজান ইউনিয়নের ‘শাইল-সিন্দুর’ নামক খালে দিনব্যাপী উপজেলার বিভিন্ন গ্রামের লোকজন মাছ ধরার উৎসবে উপস্থিত হয়ে মাছ শিকার করেন। 

জানা যায়, প্রতি বছরের মতো এবারও শীত মৌসুমে খাল ও বিলের পানি কমতে শুরু করায় উপজেলার বাঘেরবাড়ি, হামিদপুর, কাকড়াজান, ইন্দারজানি, খুইংগারচালাসহ আশপাশের গ্রামের প্রবীণ ব্যক্তিরা মাছ ধরার উৎসবের দিন-তারিখ নির্ধারণ করেন। নির্ধারিত দিনটিই ছিল শনিবার। 

এ দিনে উপজেলা ও আশপাশের উপজেলা থেকে শতশত লোক পলো, জাল, দড়ি ও মাছ ধরার নানা উপকরণ নিয়ে দলবদ্ধভাবে নির্ধারিত খালে হাজির হয়। ওই মাছ ধরা উৎসবে শিকারিদের অনেকেই বোয়াল, শোল, বাইম, সরপুঁটিসহ দেশীয় নানা প্রজাতির মাছ ধরেছে। পলো দিয়ে পানিতে একের পর এক চাপ দেওয়া আর হৈ-হুল্লোড় করে সামনের দিকে অঘোষিত ছন্দের তালে তালে এগিয়ে যাওয়া চিরচেনা গ্রামবাংলার অপরূপ সৌন্দর্যময় এক অন্যরকম দৃশ্যের সৃষ্টি হয়। উৎসবে পলো ছাড়াও ফার জাল, ছিটকি জাল, ঝাঁকি জাল ইত্যাদি দিয়েও মাছ ধরে অনেক মৎস্যশিকারী। 

এ বিষয়ে বিভিন্ন গ্রাম থেকে আসা মৎস্য শিকারীরা জানান, পলো, ফার জাল, ছিটকি জাল, ঝাঁকি জাল ইত্যাদি দিয়েও মাছ ধরার আনন্দই আলাদা। আমরা প্রতি বছর এ সময় মাছ ধরি। এ যেন আমাদের একটি উৎসব। 

মৎস্য শিকারী সমিতির সভাপতি আবেদ আলী জানান, আজকে ‘শাইল সিন্দু’ খালে মৎস্যপ্রেমীরা বোয়াল, শোল, টেংরা, পুঁটি, কই, বাইম, টাকি, শিং, মাগুরসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ধরে খাল পাড়ে আনন্দ উল্লাস করেন।

কাকড়াজান ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন জানান, প্রতিবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পলো দিয়ে মাছ ধরার উৎসব উৎযাপিত হয়। এলাকাবাসী এটিকে আনন্দ উৎসব হিসেবে গ্রহণ করেছে। 

ইত্তেফাক/পিও