অবরোধেও আজ বাস চালানোর ঘোষণা মালিক সমিতির

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৭:০০

আজ রোববার থেকে বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হবে। এই অবরোধেও ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। গতকাল শনিবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকারের পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিএনপি-জামায়াতের ডাকা আজ থেকে টানা ৪৮ ঘণ্টা সারা দেশে সড়ক-রেল-নৌপথ অবরোধে ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। একই সঙ্গে সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি/কোম্পানিভুক্ত মালিকদের অনুরোধ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জনবিরোধী এ অবরোধে মালিক-শ্রমিকেরা কখনো সাড়া দেবে না। ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছে। এছাড়াও অবরোধের দিনগুলোতে গাড়ি চলাচল যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য রাজধানী ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশানসকে অনুরোধ জানানো হয়। 

ইত্তেফাক/এমএএম