ভুয়া নামজারির মাধ্যমে জাল খতিয়ান তৈরি করে সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
অভিযুক্তরা হলেন মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া গ্রামের তৈয়ব আলী খানের ছেলে রুহুল আমিন খান, ফুকুচিয়া গ্রামের মৃত হাজী আব্দুল কুদ্দুসের ছেলে মাহমুদুল হাসান, ছয়না গ্রামের মন্নান মোল্লার ছেলে তাজেল মোল্লা, রুবেল হোসেন, গৈদী গ্রামের শাহ আলমের ছেলে ফয়েজ আহমেদ, পুরান বাজার কলাতলা গ্রামের ছালাম সর্দারের ছেলে মুন্না সরদার।
রবিবার (১২ নভেম্বর) বিকেলে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেবেকা সুলতানা বাদী হয়ে অভিযুক্ত ছয়জনের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মামলা দায়ের করেন। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাহ উদ্দিন বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেবেকা সুলতানা সম্প্রতি ঘটমাঝি ইউনিয়ন ভূমি অফিসে যোগদানের পর থেকেই তার অফিসে জালিয়াতচক্রের আনাগোনার ব্যাপারে সন্দেহ করছিলেন। একপর্যায়ে একটি জাল খতিয়ান তার হাতে এসে পড়ায় বিষয়টি তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।
বিষয়টি জানতে পেরে মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেন। এরপর জাল খতিয়ানের মালিক তাজেল মোল্লা ও তার এক সহযোগী ইউনিয়ন ভূমি অফিসে আসলে সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামের তাৎক্ষণিক নির্দেশে তাজেল মোল্লা আটক করা হয়। পরে তাদের ভাষ্য অনুযায়ী জালিয়াতির সঙ্গে জড়িত আরও চারজনসহ মোট ছয়জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়।
