বিশ্বকাপ ব্যর্থতায় পাকিস্তানের বোলিং কোচ মরকেলের পদত্যাগ

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৮:৩৭

চলমান বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেট দলে বেশ কিছু পরিবর্তন আসবে তা আগে থেকে বোঝা যাচ্ছিল। তবে চুক্তি শেষ হওয়ার আগেই ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন পাকিস্তানের পেস বোলিং কোচ মরনে মরকেল। সোমবার (১৩ নভেম্বর) পিসিবির এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

পিসিবি জানিয়েছে, দ্রুতই মরকেলের জায়গায় কে দায়িত্ব পালন করবেন তা জানানো হবে। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর, মরকেলের জায়গায় পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পেতে পারেন ওমর গুল।  

পাকিস্তানের পেস বোলিংয়ে অন্যতম ভরসার নাম ছিলেন হ্যারিস রউফ। কিন্তু তিনি খুবই বাজে বোলিং করায় অনেক ম্যাচেই পিছিয়ে পড়ে পাকিস্তান। সুইংয়ের কথা চিন্তা করে হাসান আলীকে দলে নিয়েও ব্যর্থ হন তিনি। প্রত্যাশা মেটাতে পারেননি ওয়াসিম জুনিয়রও। তবে মরকেলের চুক্তির মেয়াদ শেষ পর্যায়ে ছিল। সব মিলিয়ে ব্যর্থতার দায় মাথায় নিয়ে কোচের পদ ছাড়লেন তিনি। 

ইত্তেফাক/জেডএইচ