মিছিল থেকে পেট্রল বোমা মেরে জখম: বিএনপির ৮ নেতা-কর্মীর কারাদণ্ড

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ২০:৫৩

বেআইনি সমাবেশ ও মিছিল থেকে পেট্রল বোমা মেরে তিনজনকে জখম করার অভিযোগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিএনপির আট নেতাকর্মীকে প্রত্যেককে সাড়ে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাসফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন। দণ্ডিত আসামিরা হলেন-হাজী আনোয়ার, বাবুল ঢালী, ইব্রাহিম, ঈশা খান,আসাদ খা,নাসির, হায়াত ও মোশারফ। 

দণ্ডিতদের দণ্ডবিধির ১৪৩ ধারায় ছয় মাস এবং ৩২৬ ধারায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিতরা সবাই পলাতক রয়েছেন। রাস্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল। 

মামলার ঘটনায় জানা যায়, ২০১৩ সালের ১৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপি জামায়াতের ১৮ দলীয় ঐক্যজোটের অবরোধ চলাকালে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর গুদারাঘাট এলাকায় অবরোধকারীরা মিছিল বের করে। মিছিল থেকে দক্ষিণ কেরানীগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের আঞ্চলিক কার্যালয়ে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। এতে ঘটনাস্থলের পাশে থাকা আখ বিক্রেতা শাহাদাতের শরীরের নিম্নাংশ ঝলসে যায়। জহিরুল ইসলাম ও ইদ্রিস আলী নামে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দুজন জখমপ্রাপ্ত হয়। এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ আঞ্চলিক কমিটির সভাপতি মানিক শেখ বাদী হয়ে ছাব্বিশ জনকে আসামিকে মামলা করেন। পুলিশ তদন্ত করে ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সতের জনকে খালাস দেয়া হয়। রাষ্ট্র পক্ষে আট জন এই মামলায় সাক্ষ্য দেন।

ইত্তেফাক/এএএম