জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে নোয়াখালীর সেনবাগে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে ছাত্রলীগের দু’পক্ষের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ছমিরমুন্সিরহাট বাজারে সমাবেশ চলাকালে অতিথিদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ছমিরমুন্সিরহাট বাজারে শান্তি এবং উন্নয়ন সমাবেশের আয়োজন করা হয়। সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমাবেশে আসতে থাকেন দলের নেতাকর্মীরা। বেলা সাড়ে ১১টায় শুরু হয় সমাবেশ। দুপুর ১২টার দিকে সমাবেশস্থলে প্রবেশের সময় আওয়ামী লীগের দু’পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মঞ্চের সামনে দাঁড়ানো কেন্দ্র করে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্যের সামনে সংঘর্ষ হয় ছাত্রলীগের দু’পক্ষের। এ সময় মঞ্চের নেতারা ছাত্রলীগের নেতা-কর্মীদের শান্ত করার চেষ্টা করেন। আধা ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক বলেন, মঞ্চের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে।
সেনবাগ থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, বিচ্ছিন্নভাবে সমাবেশে আসা কিছু নেতাকর্মী সংঘর্ষে জড়িয়েছেন। বড় ধরনের কোনও ঘটনা ঘটেনি।
