বিএনপিএসের সংবাদ সম্মেলন

অর্ধেক ভোটার নারী হলেও অধিকার আমলে নিচ্ছে না ইসি

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০১:১০

শুধু রাজনৈতিক দলের জন্য নয়, নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠীসহ সব নাগরিকের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ এবং ভীতি-সন্ত্রাস-নির্যাতনমুক্ত জেন্ডার সংবেদনশীল নির্বাচনি পরিবেশের দাবি জানিয়েছে নারী সমাজ। নারী সমাজের পক্ষে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি তোলে।

এতে বলা হয়—দেশের অর্ধেক ভোটার নারী হলেও নির্বাচনে নারীর ভোটাধিকার প্রদান করার সমান সুযোগ ও পরিবেশ সৃষ্টির বিষয়টি আমলে নিচ্ছে না নির্বাচন কমিশনসহ কোনো রাজনৈতিক দল।

গতকাল সোমবার বিএনপিএসের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, নারী সমাজের চাওয়া-পাওয়ার দিকে নজর নেই কারো, এমন কি নির্বাচন কমিশনও সকলের সঙ্গে আলোচনা করলেও নারী সমাজের সঙ্গে তা করছে না।

সংবাদ সম্মেলনে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন বিএনপিএসের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর এবং সঞ্চালনা করেন পরিচালক শাহনাজ সুমী। এ সময় নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতি ৩১ দফা লিখিত দাবি উত্থাপন করা হয়।

রোকেয়া কবীর বলেন, রাজনৈতিক দলগুলো উদ্বিগ্ন কেবল নিজেদের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হওয়া না হওয়া নিয়ে, সকল পর্যায়ের নাগরিকদের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হচ্ছে কি না তা নিয়ে তারা সম্পূর্ণ নীরব। অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে ইউরোপ-আমেরিকা থেকে যেসব প্রতিনিধিদল আসছে, তারাও দুই দলের অংশগ্রহণে যাতে নির্বাচন হয় সেটাকেই গুরুত্ব দিচ্ছে। সমাজকে প্রকৃতপক্ষে যারা প্রতিনিধিত্ব করে, সবচেয়ে বৈষম্যের শিকার সেই ৫০ শতাংশ নারীসমাজের ইস্যুগুলো নির্বাচনে গুরুত্ব পাবে কি না, যেমন উত্তরাধিকারে সমান অধিকার, নির্যাতনমুক্ত জীবনযাপনের অধিকার, এ ব্যাপারে তাদের মধ্যে কোনো উচ্চবাচ্য নেই। এমনকি নাগরিক সমাজের যে অংশ নির্বাচন নিয়ে হামেশাই কথা বলেন, তারাও এ ব্যাপারে কথা বলছেন না।

ইত্তেফাক/এসকে