ভারতে চলমান বিশ্বকাপ নিয়ে ছিল বাংলাদেশের মহা আয়োজন। এবারের আসরে যে বড় কিছু অর্জন করতে যাচ্ছে তা বছরের শুরু থেকেই আভাস দিচ্ছিলেন টাইগাররা। ব্যাটিং-বোলিংয়ে দারুণ প্রদর্শনী। পাইপলাইন থেকে তরুণ ক্রিকেটারদের দলে ভেরানো। পুরোনো কোচকে ছাটাই করে দলে নতুন কোচ যুক্ত করাসহ কত কি না করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দল ভারতে যাওয়ার কয়েক মাস আগে থেকেই শুরু হয় দেশের ক্রিকেটাঙ্গনে নাটকীয়তা। যা চলমান এখনো। হয়তো টাইগার সমর্থকরা ভুলেই যেতে চাইবে ‘২০২৩ ওয়ানডে বিশ্বকাপের’ আসরটিকে।
বছরের শুরুতে বিশ্বকাপকে লক্ষ্য করে টাইগারদের কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে ফেরানো হয় লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। আর এরপর থেকেই দেশের ক্রিকেটে নাটক শুরু। তিনি দলের দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় সিরিজেই বিশ্রামের নামে দলের বাহিরে পাঠানো হয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে। এরপর তামিম-সাকিবের দ্বন্দ্ব, তামিমের অবসর এবং সবশেষ তাকে রেখেই বিশ্বকাপে গিয়ে হতাশ হয়ে ফেরা। সব কিছু মিলিয়ে দেশের ক্রিকেটার যা তা অবস্থা। তার মধ্যেই কোচ শূন্যতা। কোচদের সঙ্গে সাধারণত চুক্তি হয়ে থাকে বিশ্বকাপ বা বড় কোনো আসর ধরেই। বাংলাদেশের বর্তমান কোচিং স্টাফের অনেকের সঙ্গেও বিসিবির চুক্তি ছিল এই বিশ্বকাপ পর্যন্তই। সেই অনুসারে টাইগারদের ভরাডুবিতে বিশ্বকাপ শেষ হলে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দেন প্রোটিয়া পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। এছাড়া টাইগারদের বিদায় বলেছেন কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসন চন্দ্রশেখরন। সেই পথে রয়েছে টাইগার স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথও। তবে হেরাথকে চাইলে রাখতে পারবে বিসিবি। এদিকে টাইগারদের ট্রেনার নিক লি, ফিল্ডিং কোচ শেইন ম্যাকডরমট, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ব্যাটিং কোচ নিক পোথাস থাকছে দলের সঙ্গেই।
২০২১ সালের জুন থেকে টাইগারদের দায়িত্বে রয়েছে হেরাথ। জানা গেছে, ডোনাল্ড আর শ্রীনিবাসন চুক্তি শেষে টাইগারদের দায়িত্ব থেকে সরে গেলেও থেকে যেতে চাচ্ছেন হেরাথ বিসিবিও তার সঙ্গে চুক্তি নবায়ন করতে ইচ্ছুক। তবে হেরাথকে রাখতে হলে তার চাওয়া পূরণ করতে হবে। নতুন চুক্তিতে পারিশ্রমিক বাড়ানোর দাবি তুলেছেন শ্রীলঙ্কার এই কোচ। এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, ‘হেরাথের সঙ্গে কিছু প্রশাসনিক ইস্যু আছে বেতন-টেতন নিয়ে, বনিবনা হলে থাকবে, না হলে চলে যাবে। তার থাকার ইচ্ছে আছে। সবকিছু ঠিকঠাক হলে থেকে যাবে।’
২০০৩ বিশ্বকাপের পর এবার সবচেয়ে বাজে সময় কেটেছে বাংলাদেশের। বিগত চার বিশ্বকাপে ৩টি করে ম্যাচ জিতলেও এবার হতাশ। এবারের আসরে নয় ম্যাচে জয় কেবল দুইটি। শুধু তাই নয় বিশ্বকাপে প্রতি ম্যাচেই ব্যাটিং ব্যর্থতাও নিজেদের থেকে কম সামর্থের দল নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে তো দলের সামর্থ্য নিয়ে বেশ প্রশ্ন দাঁড় করিয়েছেন টাইগাররা। দলের এমন পারফরমমেন্সের পরও হাথুরু থাকছে দলের দায়িত্বে যেখানে ২০১৯ বিশ্বকাপে তিন জয় পাওয়ার পরও স্টিভ রোডসকে ছাটাই করে বিসিবি। এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘এটা নিয়ে (হাথুরুসিংহে) এখনই কোনো মন্তব্য করব না, কোন কারণ এটা বোর্ডের ব্যাপার বোর্ড সিদ্ধান্ত নেবে, বোর্ড মিটিংয়ের পর। তবে সবকিছুর আগে তো টিম ডিরেক্টর তাদের রিপোর্ট দেবে বিশ্বকাপ নিয়ে। তার রিপোর্ট দিক, তখন বুঝত পারব। রিপোর্ট দেখে আমরা করণীয় বুঝতে পারব।’
তবে হতাশায় বিশ্বকাপ শেষ হলেও বিশ্রামের সুযোগ নেই টাইগারদের। দুটি পিঠাপিঠি সিরিজ বাংলাদেশের। আগামী ২৮ ডিসেম্বর ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলতে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সাকিবরা। এরপর এই সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরে ৬ ডিসেম্বর। এই সিরিজ শেষে নিউজিল্যান্ডে গিয়ে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। জানা গেছে, এ সময় ডোনাল্ডের শূন্য স্থানে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব দেওয়া হতে পারে হাই পারফরম্যান্স দলের বোলিং কোচ কোরি কলিমোরকে।
