সিরাজগঞ্জের এনায়েতপুর থানার নতুন ভাঙ্গাবাড়ি গ্রামে প্রতিপক্ষের হামলায় নারীসহ ১০ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ৪ জনকে সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে থানার ভাঙ্গাবাড়ি গ্রামের ব্যবসায়ী শাহজাহান আলীর বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত ৪ জন হলেন শাহ আলম (২৮), আব্দুর রাজ্জাক (২৭), তার স্ত্রী হালিমা খাতুন (২৫) এবং আবু সামা (৪৫)। এদিকে হামলার সময় বাড়ির আসবাবপত্র ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
পুলিশ ও এনায়েতপুর থানার ওসি মাহবুবুল আলম ও এলাকাবাসী জানায়, রবিবার সকালে থানার ভাঙ্গাবাড়ি গ্রামের ব্যবসায়ী শাহজাহান আলীর বাড়িতে পাশের বেলকুচি থানার ধুলগাগড়াখালী গ্রামের সন্ত্রাসী মুছা, ইচা, সাইফুল, হোটকা ও লুৎফরের নেতৃত্বে অর্ধশতাধিক সন্ত্রাসী হালি-সোটা, রামদা নিয়ে হামলা চালায়। তখন বাধা দিতে গেলে ঐ বাড়ির অন্তত ১০ জন আহত হয়। এ সময় সন্ত্রাসীরা বাড়িতে থাকা আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র ভাংচুর ও লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছে।
আরও পড়ুন: অবশেষে ওপেনিং জুটি ভাঙলেন কুলদীপ
এদিকে এনায়েতপুর থানার ওসি মাহবুবুল আলম বলেন, 'বিষয়টি ক্ষতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।'
ইত্তেফাক/জেডএইচডি
