বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মতলব দক্ষিণে আওয়ামী লীগের মিছিল

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৯:৫০

বিএনপি-জামায়াতের অব্যাহত সন্ত্রাস, নৈরাজ্য ও হরতাল অবরোধের নামে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব মিছিল ও পথসভার আয়োজন করা হয়। সোমবার (১৩ নভেম্বর) বিকালে মতলব দক্ষিণে পানির ট্যাংকির মোড়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য এম ইসফাক আহসান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে সমাবেশের নামে বিএনপি-জামায়াত নৈরাজ্যের সৃষ্টি করেছে। আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকেন বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না।

ইসফাক আহসান বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার দুর্নীতি করে দেশটাকে ধ্বংস করেছিল। তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাই বিএনপি-জামায়াতকে জনগণ আর ভোট দেবে না। তাই তারা আবারো নাশকতা-আগুন সন্ত্রাস শুরু করেছে।

সমাবেশে মতলব দক্ষিণ উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইএম কবির আহাম্মদ সভাপতিত্ব করেন। বিক্ষোভ মিছিলটি মতলব দক্ষিণে পানির ট্যাংকির মোড়ে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মতলব সেতুর দক্ষিণ পাশে সমাবেশে এসে পৌঁছায়। সমাবেশে আরও বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি দেওয়ান রেজাউল করিম, পৌর কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, মতলব উত্তর উপজেলার ছাত্রলীগের আহ্বায়ক শরিফুল ইসলাম প্রধান, যুগ্ম আহ্বায়ক সাইফুল সরকার, খালেকুজ্জামান সাব্বির, সিনিয়র সহসভাপতি, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগ নুর মোহাম্মদ তামিম, সাধারণ সম্পাদক মতলব পৌর ছাত্রলীগ, মতলব পৌর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আক্তার মিজি প্রমুখ।

এ সময় মতলব উত্তর এবং মতলব দক্ষিণ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএএম