দেশকে ফের কলোনিতে রূপান্তরিত করার চেষ্টা করা হচ্ছে: শামীম ওসমান

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ২০:০৮

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান বলেছেন, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত করা এটা বিএনপির উদ্দেশ্য না। তাদের উদ্দেশ্য হচ্ছে এমন পরিস্থিতি তৈরি করা যেনো দেশে একটি পাপেট সরকার আসে। এই সুযোগে দেশটাকে আবারও একটা কলোনিতে রূপান্তরিত করার চেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটি-মুক্তারপুর সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

শামীম ওসমান বলেন, পৃথিবীর অন্য দেশে নির্বাচন হচ্ছে, গাজাতে মানুষ মেরে ফেলা হচ্ছে, হাসপাতালে আগুন দিয়ে দেওয়া হচ্ছে সেখানে মানবাধিকারের কোনো প্রশ্ন উঠছে। শুধু বাংলাদেশের ক্ষেত্রেই সবাই উদ্গ্রীব। জনগণ চাইলে তাদের নিয়েই বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস প্রতিরোধ করবেন বলে জানিয়েছেন তিনি। 

তিনি বলেন, এর প্রধান কারণ আমাদের ভৌগলিক সীমানা। এই ভৌগলিক সীমার কারণেই আমরা গুরুত্বপূর্ণ একটি অঞ্চলে পরিণত হয়েছি। এর কারণে কিছু পরাশক্তিসহ বাংলাদেশে যারা আছে বিশেষ করে তারেক রহমানের নির্দেশে তারা যেকোনো পন্থায় এই নির্বাচন বন্ধ করতে চাচ্ছে। ইনশাল্লাহ নির্বাচন হবে। সময় মতোই হবে এবং এখন কিছু বাস ভাঙচুর করা হবে, মানুষ পুড়িয়ে ফেলা হবে, শামীম ওসমান মরবে, কিছু আহত হবে, নিহত হবে। আমাদের ওপর আঘাত হতেই পারে। এর আগেও বারবার করেছে। ২১ আগস্টে করেছে। জাতির পিতার কন্যাকে একবার না ২১ বার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। 

সংসদ সদস্য শামীম ওসমান আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা শান্তির অবস্থানে আছি। তবে বিএনপি-জামায়াত জনগণের ধৈর্যের সীমা অতিক্রম করছে। 

তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ, জানমাল নিরাপত্তার জন্য পুলিশ রয়েছে। তবে আমরাও সতর্ক রয়েছি। আমরা হচ্ছি জনগণের সেবক। জনগণ যদি মনে করে তাদের সেবক হিসেবে কিংবা আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে এটা প্রতিরোধ করার। তাহলে আমরা জনগণকে নিয়েই তাদের প্রতিরোধ করবো। ওদের চেয়ে জনগণের শক্তি সবচেয়ে বেশি। যাদের বাড়িতে আগুন দিচ্ছে, মৃত পুলিশ অফিসারকে চাপাতি মেরে ফেলছে। তাদের বোঝা উচিত তারা ধৈর্য্যের সীমার বাহিরে চলে গেছে। যে খুনি মায়ের জন্যই চিন্তা করে না সে এদেশের বাচ্চাদের ভবিষ্যত নষ্ট করছে। 

সংসদ সদস্য শামীম ওসমান বলেন, লন্ডনে পলাতক সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানের নির্দেশে বিএনপি-জামায়াত যে কোনো পন্থায় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। তাই তারা ২০১৪ সালের মতো আবারও আগুন সন্ত্রাস করে মানুষ পুঁড়িয়ে মারছে। তবে এসব পরিস্থিতি মোকাবিলা করে যথাসময়েই নির্বাচন হবে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানিসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতারা। 

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস দেশে চলমান আগুন সন্ত্রাসের নির্দেশদাতা লন্ডনে পলাতক সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে এনে কারাগারে বন্দি করে বিচার কার্যকর করতে সরকারের প্রতি দাবি জানান। 

ইত্তেফাক/পিও