গণমাধ্যমের স্বাধীনতায় কমিশনের সমর্থন-সহযোগিতা থাকবে: সিইসি

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৯:৪২

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকালে জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় কমিশনের সম্পূর্ণ সমর্থন-সহযোগিতা থাকবে। পক্ষান্তরে অসত্য, মিথ্যা ও বানোয়াট তথ্য সম্প্রচার এবং নির্বাচনকে প্রভাবিত করার যে কোন অপচেষ্টা প্রতিহত করার চেষ্টা করা হবে।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী, ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ জানুয়ারি (রোববার)। ওই দিন সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর ও মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র বাতিল হলে এর বিরুদ্ধে আপিল ও আপিল নিষ্পত্তি করা যাবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৭ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। এছাড়া প্রচারণার জন্য ২২ দিন সময় রয়েছে।

নির্বাচনে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা ও ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল।

 

ইত্তেফাক/ডিডি/

ইত্তেফাক/এসসি