সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ছয়বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ইসরাইল যেমন হাসপাতালে হামলা করছে, তারেক জিয়ার নির্দেশে তেমনি হাসপাতালে আগুন দিচ্ছে, গাড়ি পোড়ানো হচ্ছে। পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। সাংবাদিকদের উপরও হামলা করা হয়েছে। তাদের কাছে কেউ নিরাপদ নয়।
বুধবার (১৫ নভেম্বর) দুপুরে শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের মির্জাকান্দি কমিউনিটি ক্লিনিক ভবন উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
চিফ হুইপ তার বক্তব্যে আরও বলেন, ‘বাংলাদেশে সংবিধানের আলোকে সঠিক সময়ে শেখ হাসিনার অধীনে আমরা নির্বাচন করতে সক্ষম হবো। জিয়াউর রহমানের সন্তান খুনি তারেক জিয়া বিদেশে বসে সারাক্ষণ ষড়যন্ত্র করছে। এদেশের মাটির সঙ্গে তার কোন সম্পর্ক নেই।’
অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর, সন্ন্যাসীরচরে ইলিয়াস আহমেদ চৌধুরী ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর, শিরুয়াইল মা ও শিশু হাসপাতালের ভিত্তিপ্রস্তর, শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর, ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিউর রহমান, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. সেলিনা আকতার, শিবচর থানার ওসি সুব্রত গোলদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, আরএমও ডা. মো. ইব্রাহীম হোসেন, ডা. নিজাম উদ্দিনসহ আরও অনেকে।
