তফসিলকে স্বাগত জানিয়ে সেনবাগে আনন্দ মিছিল

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ২৩:৩৬

জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলা সদরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ও নোয়াখালী জেলা আওয়ামী লীগ সাবেক সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের নেতৃত্বে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে সেনবাগ ডাক বাংলোর সমানে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পৌর শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে এক সমাবেশে মিলিত হয় মিছিলটি।

এ সময় আতউর রহমান ভূঁইয়া মানিক বলেন, আজ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা দেওয়ায় সারা দেশের মানুষ আনন্দিত। আওয়ামী লীগের নেতা-কর্মীরা আজ ঐক্যবদ্ধ।

তিনি বলেন, নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যেকে প্রতিহত করা হবে। সকল বাধা অতিক্রম করে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী হাসিনার নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হবেই।

সমাবেশে সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আবু জাফর টিপু, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ইন্জ্ঞিনিয়র মোহাম্মদ আনিসুর রহমান, আাওয়ামী লীগ নেতা আলী আক্কাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসকে