উইকেট বদলের অভিযোগকারীদের ‘নির্বোধ’ বললেন গাভাস্কার

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১৩:০৫

চলমান ওয়ানডে বিশ্বকাপে শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে স্বাগতিক দেশ ভারত। এখন পর্যন্ত আসরটিতে কোনো ম্যাচ না হেরেই ১০ ম্যাচে ১০ জয় নিয়ে ফাইনালে উঠেছে তারা। এ সময় আসরের প্রথম পর্বের ৯ ম্যাচে ভারতের পারফর্মম্যানস নিয়ে কোনো কথা বলার সুযোগ না থাকলেও, গত পরশু অনুষ্ঠিত হওয়া সেমিফাইনাল ম্যাচের আগে স্বাগতিকদের বিরুদ্ধে ‘উইকেট বদলের’ মতো গুরুতর অভিযোগ ওঠে।

এ প্রসঙ্গে জানা গেছিল, ম্যাচ মাঠে গড়ানোর আগে স্বাগতিকদের অনুরোধে নতুন পিচের বদলে ব্যবহৃত পিচে খেলা অনুষ্ঠিত হয়। এ নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর কয়েকজন সাবেক ক্রিকেটার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সমালোচনা করেছেন। সে সময় ভারতীয় সাবেক ক্রিকেটার সুনিল গাভাস্কার এই অভিযোগ ‘গুজব’ বলে জানিয়েছিলেন।

পরে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭০ রানে ভারত জয় পাওয়ার পর ভারতীয় এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সুনীল উইকেট বদলানোর অভিযোগকারীদের ‘নির্বোধ’ বলে সম্বোধন করেন। বলেন, ‘ভারত ৪০০ রানের কাছাকাছি রান করেছিল। এটি একটি দুর্দান্ত উইকেট ছিল। আমরা এতে ৭ শতাধিক রান দেখতে পেয়েছি। সেই সব ‘নির্বোধকে’ বলছি, যারা অভিযোগ করেছিল যে, ভারতীয় স্পিনারদের সাহায্যের জন্য উইকেটটিকে বেছে নেওয়া হয়েছে। আমি আশা করি তারা চুপ করে থাকবে ও ভারতের ওপর অভিযোগ আনা বন্ধ করবে, কারণ এটি তাদের চোখে দেখা জিনিসকে বিশ্বাস করতে সাহায্য করবে।’

এদিকে আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের ম্যাচের জন্য উইকেট বাছাই ও প্রস্তুতের দায়িত্ব আয়োজক সংস্থার ওপর থাকে। সুনীল গাভাস্কারের মতে, উইকেট পরিবর্তন নিয়ে ওঠা অভিযোগগুলো হলো ভিত্তিহীন। তিনি উল্লেখ করেছেন যে, পিচ পরিবর্তন হলেও তা টসের আগে হয়েছিল।

এ বিষয়ে তিনি বলেন, ‘এগুলো আজেবাজে কথা। পরিবর্তন করা হলেও টসের আগে করা হয়েছে। টসের পর বা ইনিংসের মাঝখানে এটি পরিবর্তন করা হয়নি। আপনারা বিশ্বকাপের একটি দল, আপনাদের মাঠে নেমে খেলতে হবে এবং জিততে হবে। ভারত তাই করেছে। তাই উইকেটের বিষয়ে অভিযোগ তোলা বন্ধ করুন।’

এর আগে গত বুধবার আসরের প্রথম সেমিফাইনালের খেলা মাঠে গড়ানোর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ভারতের বিরুদ্ধে ‘উইকেট পরিবর্তনের’ অভিযোগ তুলে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে তারা জানায়, ‘আইসিসির অনুমতি না নিয়েই উইকেট পরিবর্তন করেছে বিসিসিআই।’ ব্রিটেনের খ্যাতিমান ক্রীড়া সংবাদকর্মী, লেখক ও উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সম্পাদক লরেন্স বুথ এই প্রতিবেদন লিখেছেন।

ইত্তেফাক/এএম