মেলবোর্নে বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ দেখেছেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। বাংলাদেশকে ৭-০ গোলে হারতে দেখে হতাশ হয়েছেন তিনি। এককথায় বলেছেন, ‘আমি খুব হতাশ হয়েছি। এই খেলা আমি আশা করিনি।’
অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী ফুটবল দেশের সঙ্গে বাংলাদেশের এই হার অপ্রত্যাশিত নয়। সেটা মানেন সালাহউদ্দিন। ২০০৬ জার্মানি বিশ্বকাপ থেকে ২০১৪, ২০১৮ ও ২০২২ কাতার বিশ্বকাপে খেলেছে অস্ট্রেলিয়া। টানা পাঁচ বার বিশ্বকাপে খেলা একটা দেশের বিপক্ষে সাফের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দেশ আর কত ভালো খেলবে?
‘আমি খুব হতাশ হয়েছি। এই খেলা আমি আশা করিনি’
সালাহউদ্দিন বললেন, ‘কথা ঠিক। তারপরও খেলা ভালো হয়নি।’ অস্ট্রেলিয়ার পেছনে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হয়। সেই তুলনায় বাংলাদেশের ফুটবলের পেছনে অর্থ কোথায়? সালাহউদ্দিন বললেন, ‘এ কথাও ঠিক।’ অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের ফুটবলের শক্তির বিচারে কোথাও মিল নেই। বাংলাদেশ হারবে এটাই তো স্বাভাবিক। সালাহউদ্দিন বললেন, ‘এটাও ঠিক। তার পরও আমি এই খেলা আশা করিনি। বাংলাদেশ হারবে সেটা আমিও জানি। বড় ব্যবধানে হারবে সেটা যে কেউ বিশ্বাস করবে। আমার হিসাবটা অন্য জায়গায়। আমার দল আরো ভালো খেলা উচিত ছিল। তারা যে রকম খেলাটা খেলে সেটা খেলেনি। সেটা খেলতে পারেনি। আমিও বুঝতে পারছি ওদের চেয়ে আমরা অনেক পিছিয়ে। কিন্তু আমাদের দলের সাম্প্রতিক খেলার চিত্র বলছে অন্যকথা। সেই হিসাব যদি মেলাই তাহলে আমি বলব- আরেকটু ভালো খেলা উচিত ছিল।’
সালাহউদ্দিন আরও বলেন, ‘সবাই খেলা দেখেছেন। আমি আমার চোখে খেলা দেখেছি। কোনো ফুটবলার কতটুকু করতে পারে কার কী সামর্থ্য রয়েছে- আমি জানি। আমার প্লেয়ারদের সামর্থ্য অনুযায়ী বলছি আরেকটু ভালো খেলা উচিত ছিল। স্কোর নিয়ে আমার কথা নেই। খেলাটা আর একটু ভালো হওয়া উচিত ছিল।’
