বরিশালে লঞ্চ চলাচল বন্ধ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১২:৪৮

ঘূর্ণিঝড়ের ‘মিধিলি’-এর প্রভাবে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করায় অভ্যন্তরীণ রুটে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র উপপরিচালক ও বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘নদী বন্দরে এমনিতে ২ নম্বর সংকেত থাকায় সকালে ৬৫ ফুটের নিচের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে এখন বৈরী আবহাওয়া বিরাজ করায় সম্ভাব্য আগাম সতর্কতা হিসেবে অভ্যন্তরীণ রুটে লঞ্চসহ সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আর এ নির্দেশনা পরবর্তী ঘোষণা পর্যন্ত বলবৎ থাকবে।’

এদিকে রাত থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পাশাপাশি দমকা হাওয়াও বইতে শুরু করেছে। আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে শুক্রবার সকাল নয়টা পর্যন্ত ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ইত্তেফাক/এইচএ