ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গার পুকুরিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সিএনজি চালিত থ্রি-হুইলার উল্টে ২ পুলিশ সদস্য নিহত ও চালকসহ আরও ৩ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে।
আজ শুক্রবার (১৭ নভেম্বর) ভোরে ভাঙ্গা হাইওয়ে থানার ৫ পুলিশ সদস্য অস্ত্রসহ বার্ষিক ফায়ারিংয়ের অনুষ্ঠানে যোগ দিতে ফরিদপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয়- কনস্টেবল নাজমুল, কনস্টেবল নাসির হোসেন।
নিহতদের লাশ উদ্ধার করে ভাঙ্গা থানায় এনে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল জাকির হোসেন, কনস্টেবল ইব্রাহীম হোসেন ও কনস্টেবল মিথোয়া ইচিং মারমাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরের এডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, ‘বার্ষিক ফায়ারিং অনুষ্ঠানে যোগ দিতে ভাঙ্গা হাইওয়ে থানা থেকে ৫ পুলিশ সদস্য ফরিদপুর আসার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরসহ আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে হাইওয়ে থানার ওসি ৫ পুলিশ সদস্যকে অস্ত্রসহ অবৈধ থ্রি-হুইলারে কেন পাঠিয়েছেন তার জন্য ও দুর্ঘটনার বিষয়টি তদন্তের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।’
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খায়রুল আনাম বলেন, ‘বৃষ্টির কারণে রাস্তা অতিরিক্ত পিচ্ছিল থাকায় থ্রি-হুইলারটি উল্টে যায়। খবর পেয়ে ভাঙ্গা থানার হাইওয়ে পুলিশ, লোকাল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মী দ্রুত উদ্ধারাভিযান পরিচালনা করি।’
