নারীর পায়ের রগ কেটে নির্যাতন

নবীনগরে শীর্ষ ৫ আসামিকে বাদ দিয়ে চার্জশিট

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ২২:০০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নারীর পায়ের রগ কেটে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি মুসা মিয়াসহ পাঁচজনকে বাদ দিয়ে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদে আজ শনিবার (১৮ নভেম্বর) নবীনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগী নাছিমা আক্তার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান তিনি। নাছিমা বলেন, ‌‘গত ৩১ আগস্ট রাতে আমার ওপর নৃশংসভাবে হামলা করে দুই পায়ের রগ কেটে ফেলেন মুসা মিয়াসহ তার দলবল। এসময় মধ্যযুগীয় কায়দায় আমাকে নির্যাতন করা হয়। পরে স্থানীরা আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মুসা মিয়াকে প্রধান আসামি করে গত ৭ সেপ্টেম্বর নবীনগর থানায় ১৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করি।’

অভিযোগ করে তিনি আরও বলেন, ‘এ ঘটনায় নবীনগর থানার ওসি মাহবুব আলম ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক আমাকে ও আমার সাক্ষীদের কোনো প্রকার জিজ্ঞাসাবাদ করেনি। মূল আসামি হাজী মুসা মিয়া, ফায়েজ, ফরিদ মিয়া, হোসেন খান, আনোয়ারসহ পাঁচজনকে মামলার চার্জশিট থেকে বাদ দিয়ে মনগড়া একটি প্রতিবেদন আদালতে দাখিল করেছেন।’

নবীনগর থানার ওসি মাহবুব আলম বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা যা সত্য পেয়েছে, তাই চার্জশিট আদালতে দাখিল করেছেন। চার্জশিট যদি তার মন মতো না হয়, তিনি আদালতে নারাজি দিতে পারবেন।’ 

ইত্তেফাক/ডিডি/এইচএ