চুয়াডাঙ্গা প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক সদস্যদের স্মরণে দোয়া

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ২২:৩৪

প্রয়াত সহকর্মীদের স্মরণ করে চুয়াডাঙ্গা প্রেস ক্লাব যে উদারতার পরিচয় দিয়েছে তা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ফলে এই অঙ্গনে আরও কীর্তিমানের আবির্ভাব হবে। চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের প্রয়াত সদস্য ও দাতা সদস্যদের স্মরণ সভা এবং দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন সাংবাদিক নেতৃবৃন্দ।

শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সভাকক্ষে এই স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক মাহাতাব উদ্দীন, সিনিয়র সাংবাদিক ও চুয়াডাঙ্গার স্থানীয় দৈনিক পত্রিকা সম্পাদক পরিষদের আহবায়ক আজাদ মালিতা, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন।

ছবি: ইত্তেফাক

চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সহ-সম্পাদক ইসলাম রকিবের উপস্থাপনায় প্রয়াতদের স্মরণে আরও  অনুভূতি প্রকাশ করেন জেলা সাংবাদিক সমিতির সহ-সভাপতি সাবেক সহকারী অধ্যাপক শেখ সেলিম, প্রেস ক্লাবের সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম, এম এ মামুন, শাহ আলম সনি, সহকারী অধ্যাপক আবুল হাশেম, হুসাইন মালিকসহ আরও অনেকে।

সভায় উপস্থিত প্রয়াত সদস্যদের স্বজনদের মধ্যে বক্তব্য রাখেন মাহফুজ খান, লাবলুর রহমান ও ওয়াহিদ হোসেন জোয়ার্দ্দার শান্তনু।

স্মরণসভায় সাংবাদিক নেতারা বলেন, প্রয়াতদের ত্যাগের ফসল আজকের চুয়াডাঙ্গা প্রেস ক্লাব। তাদের দেখানো পথেই আমরা মসৃণভাবে পথ চলছি। এজন্য আমরা তাদের কাছে চির ঋণী।

ছবি: ইত্তেফাক

সাংবাদিক নেতারা আরও বলেন, প্রয়াত সহকর্মীদের স্মরণ করে চুয়াডাঙ্গা প্রেসক্লাব যে উদারতার পরিচয় দিয়েছে তা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ফলে এই অঙ্গনে আরও কীর্তিমানের আবির্ভাব হবে। সমৃদ্ধ হবে এই জেলার সাংবাদিকতা। আমরা আমাদের প্রয়াতদের স্মরণ করার মধ্যদিয়ে নিজেদেরকে স্মরণীয় করতে চাই। যাতে পরবর্তী প্রজন্ম আরও ভালোভাবে এই প্রজন্মের প্রয়াতদের স্মরণ করে।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের জন্মলগ্ন থেকে এ যাবৎ যেসব সদস্য এবং দাতা সদস্য প্রয়াত হয়েছেন তাদের স্মরণ করা হয়। এর মধ্যে প্রয়াত সদস্য আতিয়ার রহমান, মোহাম্মদ আলী, দাউদ হোসেন, এ কে এম মুসা, ওয়াসিকুর রহমান জোয়ার্দ্দার, ফিরোজ খান, সাইফুল ইসলাম পিনু, নজির আহম্মদ, ওদুদ হোসেন, তানজীর আহম্মেদ ও প্রয়াত দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ আলী গেন্দু মিয়া, সাবেক সংসদ সদস্য হাজি মোজাম্মেল হক, অধ্যাপিকা বশিরা মান্নান ও এম এস জোহার নাম স্মরণ করা হয়। সবশেষে প্রয়াতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা জাহিদ হাসান।

উল্লেখ্য, ১৯৬৬ সালে চুয়াডাঙ্গা প্রেস ক্লাব প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১০ সাংবাদিক ও ৬ দাতা সদস্য প্রয়াত হয়েছেন।

ইত্তেফাক/এইচএ